শিরোনাম

South east bank ad

অনেক কষ্টের বিনিময়ে ক্ষমতায় এসেছি : বিমানমন্ত্রী

 প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন   |   মন্ত্রী

অনেক কষ্টের বিনিময়ে ক্ষমতায় এসেছি : বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, অনেক কষ্ট ও ত্যাগের বিনিময়ে আমরা ক্ষমতায় এসেছি। তাই এই সুযোগ জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে। মানুষের দুয়ারে গিয়ে তাদের খোঁজ নিতে হবে এবং এমন কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়।

সোমবার (১১ মে) রাত ৮টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় গাজিখালী নদীর সংযোগ মুখ থেকে চন্দ্রখালী খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নেতাকর্মীদের এমন কোনো কাজ করা যাবে না, যাতে মানুষ কষ্ট পায়। কেউ অন্যায় বা অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও বলেন, দেশে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে রাজনৈতিক নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। গত ১৭ বছরে সমাজের মূল্যবোধ নষ্ট হয়ে গেছে। চাঁদাবাজি ও দুর্নীতির সংস্কৃতি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে।

ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু ঘরে বসে না থেকে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিতে হবে। প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে জামায়াত, এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে মাদকবিরোধী কমিটি গঠন করতে হবে, যাতে মাদক কারবারিদের প্রতিহত করা যায়।

খাল খনন প্রকল্প নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আফরোজা খানম রিতা বলেন, খাল খননে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কৃষকদের পানিপ্রবাহ নিশ্চিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচি শুরু করেছেন।

তিনি বলেন, খাল খনন কার্যক্রমে দুর্নীতির কোনো সুযোগ নেই। কাজ বাস্তবায়নে শ্রমিক সংকট দেখা দিলে দলীয় নেতাকর্মীরাও মাটি কাটার কাজে অংশ নেবেন। কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যেই খননকাজ শেষ করা হবে।

নারী শিক্ষার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সরকার নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ নিশ্চিত করার পরিকল্পনা করছে। অর্থের অভাবে কোনো নারীর শিক্ষাজীবন যেন বন্ধ না হয়, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: