দপ্তর পুনর্বণ্টন: নতুন দায়িত্ব পেলেন আমিন উর রশিদ ও আব্দুল বারী
মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর পুনর্বণ্টন করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অফ বিজনেস, ১৯৯৬ অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বিন্যাস করেছেন প্রধানমন্ত্রী।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। আগে তার অধীনে খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয় থাকলেও এখন তিনি মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে দায়িত্ব পুনর্বণ্টন হয়েছে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীরও। তিনি আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন তার সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বও যুক্ত করা হয়েছে।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যেই এই দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।


