ঢাকা মহানগরীর যানজট নিরসনে বাস টার্মিনাল/ডিপো স্থানান্তর সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শন
ঢাকা মহানগরীর যানজট নিরসন, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থাকে অধিকতর শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে অদ্য ০১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, বেলা ১৫:০০ ঘটিকায় বাস টার্মিনাল/ডিপো স্থানান্তরের বিষয়ে গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকৃত স্থানসমূহ হলো: পূর্বাচল ০৩ নম্বর ও ১৯ নম্বর সেক্টর, দিয়াবাড়ি, গাবতলী বাস টার্মিনাল, চুনকুটিয়া (জেলখানা বিপরীতে বাঘাইর), তেঘরিয়া আন্ডারপাস, হাসনাবাদ (ইকুরিয়া), কাঁচপুর ও ফুলবাড়িয়া এলাকা।
উক্ত পরিদর্শন কার্যক্রমে মাননীয় সংসদ সদস্য (পাবনা-৫) জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস মহোদয়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, জনাব মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব জনাব আনিসুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব এ. কে. এম. আজাদ রহমান, বিআরটিএ-এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাবীবুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনাব মুহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব জনাব মোঃ সাইফুল আলম, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জনাব এম. এ. বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন খান, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ হানিফ এবং বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান জনাব ফারুক তালুকদার সোহেলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন খাতের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট স্থানসমূহের বিদ্যমান অবকাঠামো, যানবাহন চলাচলের সক্ষমতা, সংযোগ সড়ক, ভূমির প্রাপ্যতা এবং ভবিষ্যৎ বাস টার্মিনাল/ডিপো স্থাপনের বিষয়ে সার্বিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি ঢাকা মহানগরীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থাকে অধিক কার্যকর ও সুশৃঙ্খল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


