মেঘনায় শীর্ষ চাঁদাবাজ জিয়াসহ গ্রেপ্তার ২
কুমিল্লার মেঘনা উপজেলায় দীর্ঘদিন ধরে নদীপথে চাঁদাবাজির সঙ্গে জড়িত শীর্ষ নৌ-চাঁদাবাজ জিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জিয়া মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামের আনিস মিয়ার ছেলে।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বিগত সরকারের আমল থেকে তিনি মেঘনা নদীর বটতলী থেকে কাঠালিয়া ব্রিজ পর্যন্ত এলাকায় বালুবাহী বাল্কহেড ও অন্যান্য নৌযান থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে, একই অভিযানে বাল্কহেডের শুকানি শফিক মিয়া (৩৬) নামের আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার ওলাস নগর নতুনহাটি গ্রামের রহম আলীর ছেলে।
জানা গেছে, শফিক মিয়া সুনামগঞ্জ ও সিলেট থেকে আসা বাল্কহেডগুলোকে একত্রিত করে চাঁদাবাজদের কাছে তাদের অবস্থান জানাতেন।


