মোহাম্মদপুরে অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র্যাবের টাউন হল মিটিং
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদক, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে টাউন হল মিটিং করেছে র্যাব-২।
শনিবার (২৯ আগস্ট) র্যাব-২-এর কনফারেন্স রুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।
এতে মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন হাউজিং সোসাইটির ১৫ জন প্রতিনিধি ও র্যাব-২-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
হাউজিং সোসাইটির প্রতিনিধিরা মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে র্যাবের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তারা জানান, আগের তুলনায় বর্তমানে এলাকায় অনেকটাই নিরাপদে বসবাস করছেন তারা।
সভায় অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি হাউজিং সোসাইটিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, জরুরি প্রয়োজনে হটলাইন চালু এবং নিয়মিত টহল ও চেকপোস্ট বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।
র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান অপরাধ নির্মূলে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি হাউজিং সোসাইটিগুলোর উদ্যোগে সম্মিলিতভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে মাদক ও কিশোর গ্যাং-সংক্রান্ত তথ্য নির্ভয়ে র্যাবকে দেওয়ার আহ্বান জানান।
নয়মুল হাসান বলেন, গত কয়েক মাসে র্যাব-২-এর ধারাবাহিক অভিযানের ফলে মোহাম্মদপুর এলাকায় মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড অনেকটাই কমে এসেছে। তবে এতে র্যাব এখনো সন্তুষ্ট নয়। মোহাম্মদপুরের অপরাধ শূন্যের কোঠায় নিয়ে আসতে চায় র্যাব। এজন্য এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, র্যাব-২-এর হটলাইন নম্বর ০১৭৭৭৭১০২৯৯ সার্বক্ষণিক জনসাধারণের অভিযোগ গ্রহণের জন্য খোলা রয়েছে। অভিযোগকারী ও তথ্য প্রদানকারীর পরিচয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সুরক্ষা করা হবে।
সভায় র্যাব-২-এর সাম্প্রতিক সময়ে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে পরিচালিত বিভিন্ন সফল অভিযানের চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি ছিনতাই প্রতিরোধে নিয়মিত টহল, চেকপোস্টসহ বিভিন্ন কার্যক্রমের পরিসংখ্যান উপস্থাপন করা হয়।


