শিরোনাম

South east bank ad

ঈদে রাজশাহীর নিরাপত্তায় সতর্ক র‌্যাব

 প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

ঈদে রাজশাহীর নিরাপত্তায় সতর্ক র‌্যাব

 
পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহীর র‌্যাব-৫। রাজশাহী মহানগরসহ দায়িত্বপূর্ণ পাঁচ জেলা– রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাটে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।


মঙ্গলবার (২৬ মে) রাজশাহীর সিটি হাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান র‌্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক খন্দকার মোহাম্মদ মাহমুদুর রহমান। তিনি বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষ যাতে ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টির খপ্পরে না পড়েন, সে লক্ষ্যে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।


বিশেষ করে কাশিয়াডাঙ্গা মোড়, সিটি হাট মোড়, নওহাটা ব্রিজ ও বেলপুকুর বাইপাস এলাকায় নিয়মিত চেকপোস্ট স্থাপন ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে।
র‌্যাব-৫ অধিনায়ক জানান, সিটি হাটসহ দায়িত্বপূর্ণ এলাকার পশুর হাটগুলোতে ছিনতাই, জাল টাকা লেনদেন ও চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি জাল টাকা শনাক্তে বিশেষ মেশিনও স্থাপন করা হয়েছে।
বর্তমান তাপপ্রবাহ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে সিটি হাটে আগতদের জন্য র‌্যাব-৫ এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাহিনীটি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি রোধে র‌্যাবের বিশেষ টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে বলেও জানিয়েছেন র‌্যাবের অধিনায়ক। তিনি জানান, কোনো ধরনের গুজব শনাক্ত হলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খন্দকার মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, ঈদকেন্দ্রিক ছুটিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় র‌্যাব-৫ সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ র‌্যাব ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

এসময় র‌্যাব-৫ এর অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: