শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে শপথ নিয়েছেন ৪৪১ জন নবীন নাবিক। বৃহস্পতিবার (২১ মে) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তারা নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, জাতীয় পতাকার প্রতি আনুগত্য, দেশরক্ষার অঙ্গীকার এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রশিক্ষণ শেষে এসব নবীন নাবিক বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আইএসপিআর জানায়, নৌবাহিনীর এ-২০২৬ ব্যাচে মো. শাহরিয়ার টুটুল পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন।
মো. সামিউল ইসলাম শাকিল দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং মো. কাদের মিয়া তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন। একইসঙ্গে সেরা চৌকস মহিলা নাবিক হিসেবে মোছা. মারিয়া আক্তার ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ অর্জন করেন।
অনুষ্ঠানের মাধ্যমে নবীন নাবিকরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর গৌরবময় অঙ্গনে অন্তর্ভুক্ত হন এবং দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ সব বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সম্প্রতি নৌবহরে দুটি হেলিকপ্টার ও দুটি আনম্যানড এরিয়াল ভেহিকল যুক্ত করা হয়েছে। পাশাপাশি হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ ও এন্টি-ড্রোন সিস্টেমসহ আধুনিক প্ল্যাটফর্ম সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে।
নৌবাহিনী প্রধান আরো বলেন, নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডসমূহ নিজস্ব সক্ষমতায় যুদ্ধজাহাজ, এলসিটি ও অন্যান্য সহায়ক প্ল্যাটফর্ম নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় ও দুর্গম এলাকায় সফলভাবে দায়িত্ব পালনের জন্য তিনি নৌ সদস্যদের ধন্যবাদ জানান।
তিনি নবীন নাবিকদের উদ্দেশে বলেন, দেশের প্রয়োজনে সর্বদা নিবেদিত থেকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
সততা, শৃঙ্খলা, আনুগত্য ও মূল্যবোধ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের পাশাপাশি সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
মনোজ্ঞ এ কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


