নারী-শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় তিন অধিদপ্তরের সমঝোতা
মঙ্গলবার (২৫ আগস্ট) সুবিধাবঞ্চিত নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, পুনর্বাসন ও আইনি সহায়তা নিশ্চিত করতে তিন অধিদপ্তরের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মধ্যে এ সমঝোতা স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতার আওতায় সুবিধাবঞ্চিত নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি ও সহিংসতার শিকার মানুষকে সমন্বিতভাবে আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়, চিকিৎসা, মনোসামাজিক কাউন্সেলিং ও পুনর্বাসন সেবা দেওয়া হবে।
এছাড়া সমন্বিত রেফারেল ও কেস ম্যানেজমেন্ট ব্যবস্থার মাধ্যমে সেবাগ্রহীতাদের ফলোআপ নিশ্চিত করা হবে। ১৬৬৯৯, ১০৯৮ ও ১০৯ হেল্পলাইনের আন্তঃসংযোগের মাধ্যমে জরুরি সহায়তা আরও দ্রুত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন ও তদারকিতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে যৌথ কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যৌথ প্রশিক্ষণ, তথ্য বিনিময়, জনসচেতনতা ও গবেষণার সুযোগও তৈরি হবে।
মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের রাষ্ট্র বিনামূল্যে আইনি সহায়তা দেবে। সমাজের নারী, শিশু ও অবহেলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।


