জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিল্পকলায় ৩ দিনের আর্টক্যাম্প
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে তিন দিনব্যাপী ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’ শীর্ষক আর্টক্যাম্প শুরু হয়েছে। বুধবার জাতীয় চিত্রশালা প্লাজায় এর উদ্বোধন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী অনুষ্ঠানে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে শিল্পের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। তিনি আশা প্রকাশ করেন, অংশগ্রহণকারী শিল্পীদের তুলিতে সেই সময়ের ইতিহাস ও সংগ্রাম জীবন্ত হয়ে উঠবে।
বিশেষ অতিথি ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস, চেতনা ও ঘটনাপ্রবাহকে বিভিন্ন শিল্পমাধ্যমে সংরক্ষণ ও মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের লক্ষ্য।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) জানান, ৫৫ জন বরেণ্য ও তরুণ শিল্পী এই আর্টক্যাম্পে অংশ নিচ্ছেন। এখানে আঁকা চিত্রকর্ম নিয়ে পরে জাতীয় পর্যায়ে প্রদর্শনীর আয়োজন করা হবে।
১৫ থেকে ১৭ জুলাই প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ আর্টক্যাম্পে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ, গণমানুষের সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা শিল্পের ভাষায় ক্যানভাসে তুলে ধরা হবে।


