শিরোনাম

South east bank ad

টিসিবির পণ্য কালোবাজারে, ব্যবসায়ী আটক

 প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন   |   ডিবি

টিসিবির পণ্য কালোবাজারে, ব্যবসায়ী আটক
রংপুর নগরীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য গোপনে মজুদ করে কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। পুলিশের গোয়েন্দা (ডিবি) সংস্থা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর খেলবাড়ী এলাকায় এলএসডি গুদামের সামনে পরিত্যক্ত একটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পণ্য উদ্ধারের পাশাপাশি এক ব্যবসায়ীকে আটক করা হয়।
 

আটক ব্যবসায়ীর নাম রুবেল হোসেন। তিনি পাবনা জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে টিসিবির বৈধ ডিলার দাবি করলেও তদন্তে দেখা যায়, পণ্য উত্তোলনের পর তা নির্ধারিত উপকারভোগীদের মাঝে বিতরণ না করে অবৈধভাবে মজুদ করা হচ্ছিল।

উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ৭০ কেজি খেজুর, ১৫০ কেজি চিনি, ১৫০ কেজি বুট, ৬১৩ কেজি মসুর ডাল এবং ১৬২ লিটার ভোজ্যতেল।

ডিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রমজানকে সামনে রেখে টিসিবির পণ্য গোপনে মজুদ করে বেশি দামে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। সাধারণ ভোক্তাদের মধ্যে সরবরাহ না করে কৌশলে এসব পণ্য কালোবাজারে বিক্রির পরিকল্পনা ছিল বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, টিসিবির পণ্য সাধারণ মানুষের জন্য বরাদ্দ। কেউ তা গোপনে মজুদ করে অবৈধভাবে বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি দীর্ঘদিন ধরে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, উদ্ধার করা পণ্যের উৎস, কতদিন ধরে মজুদ ছিল এবং এর সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। প্রয়োজনে অভিযানের পরিধি আরো  বাড়ানো হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, জনস্বার্থে সরকারের ন্যায্যমূল্যের কর্মসূচিকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
BBS cable ad

ডিবি এর আরও খবর: