মোহাম্মদপুর থেকে জাল টাকা এবং জাল টাকা তৈরির মেশিনসহ সজিব হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৪
*ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থেকে জাল টাকা এবং জাল টাকা তৈরির মেশিনসহ মোঃ সজিব হোসেন(৩০)’কে গ্রেফতার করেছে র্যাব-৪ ।*
১। “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। র্যাব সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি সংঘবদ্ধ জাল নোট তৈরি ও বাজারজাতকরণ চক্রের সদস্যদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ১৮ মে ২০২৬ তারিখ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন হাউজিং সোসাইটি এলাকায় কতিপয় জাল নোট চক্রের সদস্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে *১৮,৯০০/- (আঠারো হাজার নয়শত) জাল টাকা, ০১টি ল্যাপটপ ও জাল টাকা তৈরির মেশিনসহ মোঃ সজিব হোসেন(৩০)’কে* গ্রেফতার করে।
৩। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন পেশাদার জাল টাকা তৈরিকারক এবং ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন হাউজিং সোসাইটি এলাকার একটি বাড়িতে জাল টাকা তৈরির মেশিন দিয়ে জাল টাকা তৈরি করে আসছিল। সে ফেসবুকের মাধ্যমে পরিচিত বরিশাল চৌমাথা এলাকার এক ব্যক্তির নিকট হতে জাল টাকা প্রিন্ট এর পিডিএফ কপি সংগ্রহ করে থাকে। সে সারা বছরই জাল টাকা খোলা মার্কেটে সরবরাহ করে কিন্তু বিশেষ করে আসন্ন ঈদ-উল- আযহা’কে সামনে রেখে অধিক পরিমাণে নগদ টাকার লেনদেন হয় বিধায় সে এ সুযোগটি গ্রহণ করে। এরই মধ্যে সে চট্টগ্রাম এবং সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণে জাল নোট সরবরাহ করেছে মর্মে জানা যায়। বাংলাদেশে বিভিন্ন প্রান্তের জাল নোট সরবরাহকারী ও ডিলারদের সাথে তার যোগাযোগ রয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত ব্যক্তি জাল নোট তৈরী ও সরবরাহের অপরাধে ২০২৪ সালে র্যাব-২, বসিলা, মোহাম্মদপুর কর্তৃক গ্রেফতার হয়েছিল।
৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ জাল নোট তৈরি ও বাজারজাতকরণ চক্রের বিরুদ্ধে র্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে।


