শিরোনাম

South east bank ad

জনপ্রশাসনেই জনবলসংকট

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

জনপ্রশাসনেই জনবলসংকট
সরকারি চাকরিতে নিয়োগ, বদলি, পদোন্নতি ও জনবল কাঠামো হালনাগাদের মূল চালিকাশক্তি জনপ্রশাসন মন্ত্রণালয়। দেশের গোটা প্রশাসন পরিচালনার দায়িত্বে নিয়োজিত এ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিজেই তীব্র জনবলসংকটে ধুঁকছে।
এমনকি জনপ্রশাসন মন্ত্রণালয়েই অনুমোদিত পদের প্রায় ২০ ভাগ শূন্য। একেকজনের কাঁধে একাধিক অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। এতে অনেক কাজেই ব্যাঘাত ঘটছে। মন্ত্রণালয় দ্রুত এ সংকট কাটানোর উদ্যোগ নিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র ও এসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থাপিত সারসংক্ষেপ থেকে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদিত ৬২৯টি পদের মধ্যে বর্তমানে ১২৪টি ফাঁকা। এতে দৈনন্দিন দাপ্তরিক ও প্রশাসনিক কাজ পরিচালনা ব্যাহত হচ্ছে। তবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী বলেন, আমরা সব সরকারি প্রতিষ্ঠানেই জনবল নিয়োগের ওপর জোর দিয়েছি। এটা নিয়ে আমাদের বিভিন্ন মেয়াদি পরিকল্পনা আছে।
জনবল নিয়োগে ১৮০ দিনের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা অনেকটাই পূরণ হয়েছে। মন্ত্রণালয়ের শূন্য পদগুলোও দ্রুত পূরণ হবে।

তিনি আরো বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে সারা দেশের সরকারি দপ্তরগুলোর শূন্য পদ পূরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

প্রাপ্ত একাধিক তথ্য বিশ্লেষণে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে শূন্য পদের মধ্যে সবচেয়ে বেশি খালি ক্যাডার পর্যায়ে। যা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ হবে।
১৫৪ জন ক্যাডার কর্মকর্তার বিপরীতে ৯০ জন কর্মরত আছেন। ফলে ৬৪টি ক্যাডার পদ ফাঁকা। এতে করে একজনের দায়িত্ব চেপেছে একাধিকের কাঁধে। এ ছাড়া শূন্য পদে দ্বিতীয় অবস্থানে আছে ১১ থেকে ১৬ গ্রেডে। এই গ্রেডগুলোতে ৩৩টি পদ শূন্য রয়েছে। অর্থাৎ ১৭১টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন ১৩৮ জন। এ ছাড়া দশম গ্রেডে ১৪৬টি অনুমোদিত পদে ১৩০ জন কর্মরত আছেন। ফাঁকা আছে ১৬টি পদ। সবচেয়ে কম শূন্য রয়েছে ১৭ থেকে ২০ গ্রেডের মধ্যে। এই গ্রেডের অনুমোদিত ১৫৮ পদের মধ্যে ১১টি শূন্য। কর্মরত আছেন ১৪৭ জন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারের পরিকল্পনা ধরেই এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেক পদ পূরণ হয়েছে। সরকারের প্রথম ১৮০ দিনে ২ হাজার ৮৭৯টি শূন্য পদ পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ সময়ে পূরণ হয়েছে ২ হাজার ৬১টি পদ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান এবং মাঠ প্রশাসনে ৪ হাজার ৪৫৯টি শূন্য পদে নিয়োগ দিতে চায় সরকার।

জনপ্রশাসন বিশেষজ্ঞ মো. ফিরোজ মিয়া বলেন, যেকোনো শূন্য পদ দ্রুত পূরণ করা দরকার। সরকারি বিভিন্ন দপ্তরে অনেক পদ ফাঁকা আছে। সরকার ইতিমধ্যে উদ্যোগও নিয়েছে শুনেছি। তবে এসব দ্রুত হওয়া দরকার। একদিকে বেকারত্ব কমবে, অন্যদিকে অনেকগুলো পরিবার উপকৃত হবে চাকরির মাধ্যমে। শূন্য পদ থাকলে ওই প্রতিষ্ঠানের অন্য কর্মীদের ওপর অতিরিক্ত কাজের চাপ থাকে।
BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: