২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭ আসনের কেন্দ্রেভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
ইসি সচিবালয় জানিয়েছে, মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। তবে আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের নির্বাচন ও ফলাফল স্থগিত রয়েছে। বাকি ২৯৭টি আসনের বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়েছে।
ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। আদালতে বিচারাধীন মামলার নিষ্পত্তির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট বাতিল করা হয়। ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কমিশন।
এছাড়া বগুড়া-৬ আসনেও ৯ এপ্রিল ভোট হবে। বিএনপি নেতা তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


