এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬-এর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকার সেনানিবাসে আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান। এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টটি ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতির এক অনন্য দৃষ্টান্ত।
গত ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ৩১ জানুয়ারি-শনিবার, আর্মি গলফ ক্লাবের ‘গলফ গার্ডেনে’। অনুষ্ঠানে পুরস্কার বিতরণীর পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান গোলাম মাইনউদ্দিন এবং ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী (অবঃ), টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, গলফ ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শরিফুল ইসলাম, সদস্য সচিব লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, পরিচালক (অপারেশন্স অ্যান্ড স্পোর্টস) লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী এবং পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ম্যানেজমেন্ট) লেফটেন্যান্ট কর্নেল এ কে এম সাইফুল বাহার। এছাড়াও ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবারের টুর্নামেন্টে রেগুলার, ভেটারান, সিনিয়র, লেডি এবং জুনিয়র- এই পাঁচটি ক্যাটাগরিতে মোট ৮১৩ জন অ্যামেচার গলফার অংশগ্রহণ করেন, যা এই ভেন্যুতে আয়োজিত অন্যতম বৃহৎ পরিসরে আয়োজিত টুর্নামেন্ট।
এছাড়াও, ভেটারান বিভাগে কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন (অবঃ), সিনিয়র বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-আজহার (অবঃ), লেডি বিভাগে মিসেস শারমিন জাহাঙ্গীর এবং জুনিয়র বিভাগে মাস্টার সৈয়দ মাহদী মাহবীর এবারের টুর্নামেন্টে বিজয়ী হন।
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে (সিইও) জনাব ফিরোজ মোহাম্মদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিপুল সংখ্যক গলফারের অংশগ্রহণ এবং টুর্নামেন্টের সুষ্ঠু আয়োজন এপেক্স গলফ টুর্নামেন্টের ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রতিফলন।
এমন একটি টুর্নামেন্ট আয়োজন করতে পেরে এপেক্স ফুটওয়্যার লিমিটেড আনন্দিত এবং ভবিষ্যতে ক্রীড়ার প্রসার, সামাজিক সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতা উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।


