শিরোনাম

South east bank ad

বোয়ালখালীতে বিক্রি হওয়া শিশুকে মা-বাবার কোলে ফিরিয়ে দিল পুলিশ

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন   |   দেশ

বোয়ালখালীতে বিক্রি হওয়া শিশুকে মা-বাবার কোলে ফিরিয়ে দিল পুলিশ

চট্টগ্রামের বোয়ালখালীতে এক মাস বয়সী কন্যা সন্তানকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ ওঠার পর সেই শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে রবিবার (২ আগস্ট) সকালে শিশুটিকে তার মা-বাবাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সে সময় শিশুটি একটি নিঃসন্তান পরিবারের কাছে ছিল।

অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকার সফি মেম্বার বাড়ির বাসিন্দা মো. ওসমানের ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক মো. রাকিব (১৮) ও একই এলাকার রোকনা বেগমের (১৮) দাম্পত্য জীবনে গত ২০ জুন একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে সন্তানকে নিয়ে রোকনা বাবার বাড়িতে বেড়াতে যান।

শিশুটির দাদি ফিরোজা বেগমের অভিযোগ, গত ২৭ জুলাই তাদের জানানো হয় শিশুটি মারা গেছে এবং তাকে দাফন করা হয়েছে। তবে কবর দেখাতে বললে শিশুটির মায়ের পরিবারের সদস্যরা তা দেখাতে পারেননি। এতে সন্দেহ হলে তিনি বোয়ালখালী থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে শিশুটির অবস্থান শনাক্ত করে হাটহাজারীর বড় দিঘির পাড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তদন্ত করে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে তার মা ও বাবাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

BBS cable ad